জয়ে ফিরতে আশাবাদী ভারত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২১:৪৩

আজই সিরিজ জিততে চায় উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ওয়ানডে হেরে চাপে থাকা স্বাগতিক ভারতকে ঘুরে দাঁড়াতে হলে আজ বিশাখাপত্তমে জিততেই হবে। অপরদিকে ২০০৬ সালের পর থেকে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিততে না পারা ওয়েস্ট ইন্ডিজও তাই লক্ষ্যপূরণে মরিয়া চেষ্টা চালাবে।

 দক্ষিণ ভারতের শহর বিশাখাপত্তমে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ ১৯৮৩ সাল থেকে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়। ২০০৬ সালে সর্বশেষ দেশের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে ক্যারিবীয়রা। এরপর নয়টি ওয়ানডে সিরিজে চেষ্টা চালিয়েও সাফল্য পায়নি ক্যারিবীয়রা।

এবার অবশ্য শুরুটা ভালোই হয়েছে তাদের। শিমরন হেটমায়ার ও সেই হোপের জোড়া সেঞ্চুরিতে চেন্নাইয়ে গত রবিবার প্রথম ম্যাচে ভারতকে শোচনীয়ভাবে হারায় সফরকারীরা। ভারতের দেয়া ২৮৮ রানের লক্ষ্যমাত্র দুই উইকেট হারিয়ে ছাড়িয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১০৬ বলে ১৩৯ রানের ইনিংস খেলেন হেটমায়ার। ১১টি ছক্কা ও ৭টি চার মারেন তিনি। ১৫১ বলে ১০২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন হোপ।

দীর্ঘদিনের বন্ধ্যাত্ব আজই ঘোচাতে চান ক্যারিবীয় অধিনায়ক কায়রন পোলার্ড। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছি আমরা। হেটমায়ার ও হোপ ছিলেন দুর্দান্ত। ভারতের কন্ডিশনে এভাবে ব্যাট করা সত্যি কঠিন। কিন্তু তাদের ব্যাটিং বলেছে কাজটি সহজই ছিল। এখন আমরা সিরিজ নিয়ে ভাবছি। কালই সিরিজ জয় নিশ্চিত করতে চাই। দীর্ঘদিন ভারতের বিপক্ষে সিরিজ জিততে না পারাটা দুঃখজনক। তবে এবার সিরিজ জয়ের ভালো সুযোগ তৈরি হয়েছে আমাদের। আশা করি, দ্বিতীয় ম্যাচেও দল জ্বলে উঠবে এবং দীর্ঘদিনের অধরা স্বপ্ন পূরণ করবে।’

চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেট দুর্দান্ত পারফরম করে আসছে ভারত। এ বছর ২৬টি ওয়ানডেতে অংশ নিয়ে ১৭টিতে জয় পায় টিম ইন্ডিয়া। এরমধ্যে ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচও ছিল। পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের পরও সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জেতে ভারত।

কিন্তু এবার দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু করল ভারত। তাই সিরিজ বাঁচাতে মরিয়া ভারত। ওপেনার লোকেশ রাহুল বলেন, ‘সিরিজ বাঁচাতে যা যা করা দরকার তাই-ই আমরা করব। ম্যাচ জয়ের জন্য আমরা মাঠে নামব। অতীতেও এমন পরিস্থিতির মুখে আমরা পড়েছি এবং লড়াইয়ে ফিরেছিও। তাই কাজটি কঠিন হলেও, জয়ের ব্যাপারে দল পুরো আশাবাদী।’

ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩১ বার মুখোমুখি হয় ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে ক্যারিবীয়রা ৬৩টি ও ভারত ৬২টি ম্যাচ জিতে। ২টি টাই ও ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়। বাসস