প্রিমিয়ার দাবায় পুলিশের কিস্তিমাত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২১:৪৪

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার দাবায় প্রথমবার নাম লিখিয়েই কিস্তিমাত করেছে পুলিশের দাবা দল। লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য কাল শেষ রাউন্ডে দরকার ছিল নিদেন পক্ষে ড্র। একাদশ বা শেষ রাউন্ডে খেলায় জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটিকে হারিয়ে পুলিশ অপরাজিত লিগ চ্যাম্পিয়ন হয়েছে।

ওয়ালটন রেফ্রিজারেটর প্রিমিয়ার দাবা লিগে খেলার জন্য ইসফট এরিনা চেস ক্লাবের কাছ থেকে স্বত্ব নিয়ে পুলিশ বড়ো দল গড়ে। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে দলে নেয়। সেই সঙ্গে জর্জিয়ার দুই গ্র্যান্ড মাস্টার যোবাভা বাহাদুর, মিখাইল মেচডলিশভ্যালি, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, ফিদে মাস্টার আব্দুল মালেক এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকে নিয়ে দল গড়ে। পুলিশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন ড. শোয়েব রিয়াজ আলম।

পুলিশের সবচেয়ে বড়ো প্রতিদ্বন্দ্বী ছিল গতবারের চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব। যেখানে ছিলেন ৬ দেশি-বিদেশি মিলে ছয়জন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, বেলেরুশের কোভালেভ ভ্লাদিশ্লাভ, আজারবাইজানের এলতাজ সাফারলি, আব্দুল্লাহ আল রাকিব, জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব। তারপরও সাইফ স্পোর্টিং হেরেছে পুলিশের বিপক্ষে। পুলিশ এই একটি ম্যাচ জিতেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে শেষ ম্যাচের চালে কিস্তিমাত করে দিল পুলিশের দাবা দল।