ঘুরে দাঁড়াতে চান সাব্বিররা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২১:৪৫

জাকির হোসেন লুলু, চট্টগ্রাম অফিস

বঙ্গবন্ধু বিপিএল চট্টগ্রাম পর্বে আজ বুধবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়ার্স খেলবে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে এবং দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে ঢাকা প্লাটুনের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছাড়া বাকি তিন দল—কুমিল্লা ওয়ারিয়ার্স, ঢাকা প্লাটুন ও রংপুর রেঞ্জার্স গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে পালা বদল করে অনুশীলনে নামে।

অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মূল ম্যাচে থাকায় অনুশীলনে ছিল না। দুই ঘণ্টা যাবত্ অনুশীলনে ঘাম ঝরিয়ে নিজেদের ঝালাই করে নিয়েছে কুমিল্লা ওয়ারিয়ার্সের ক্রিকেটাররা। দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তারা ব্যাটে-বলে অনুশীলন করেছেন।

দলের সেনাপতি সাব্বির হোসেন আজকের ম্যাচে প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্সের বিপক্ষে জয়ের জন্য বেশ আশাবাদী। অনুশীলন শেষে ফেরার পথে গুটি কয়েক সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ঢাকা পর্বে দলের ক্রিকেটারদের পারফর্মে কিছুটা ছন্দপতন ঘটলেও চট্টগ্রাম পর্বে সে ধরনের মন্দ কিছু ঘটবে না। এখানকার দুটি ম্যাচেই আমরা জয়ের জন্য মাঠে নামব। আশা করি আমাদের প্রত্যাশা পূরণ হবে।’

অন্যদিকে রংপুর রেঞ্জার্সও অনুশীলনে ছিল খুবই সিরিয়াস। এই দলও একই লক্ষ্য নিয়ে অনুশীলনে নিজেদের ঝালাই করে নিয়েছে।

ঢাকা প্লাটুন সকালে দীর্ঘক্ষণ অনুশীলনে থাকলেও দলের খেলোয়াড়দের বেশ চিন্তিত মনে হয়েছে। কারণ বিপিএল চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক দলের বিপক্ষে দুই জন অপরিহার্য ক্রিকেটারকে তারা পাচ্ছে না।

দলের ওপেনার তামিম ইকবাল জ্বরাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। অপরদিকে পাকিস্তানি রিক্রুট ওয়াহাব রিয়াজও দেশের উদ্দেশে পাড়ি জমিয়েছেন। তিনি যখন আসবেন, তখন বিপিএল চট্টগ্রাম পর্ব শেষ হয়ে যাবে। ছোটো বোনের বিয়েতে উপস্থিত থাকতে পেসার ওয়াহাব রিয়াজ ছুটি নিয়ে দেশে গেছেন বলে জানালেন ঢাকা প্লাটুনের ম্যানেজার।

 তিনি বলেন, ‘অপরিহার্য দুই জন ক্রিকেটারের অনুপস্থিতি দলকে বেশ ভোগাবে। তারপরও আমরা আশাবাদী, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ঢাকা প্লাটুন ভালো পারফর্ম করবে।’