ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের বিষয়ে বিভিন্ন তথ্য চেয়েছে হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে এদেশে বসবাসরত বিদেশিদের মধ্যে কত জন ব্যবসা ও কাজের সঙ্গে যুক্ত, বৈধ অনুমতিপত্র রয়েছে কাদের এবং কত জন আয়কর দেন তা প্রতিবেদন আকারে আদালতকে তথ্য দিতে বলা হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও এনজিও ব্যুরোকে এ তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।
গত ১৯ অক্টোবর পত্রিকায় প্রকাশিত ‘বাংলাদেশে এত বিদেশি কর্মী কেন’ শীর্ষক একটি নিবন্ধ যুক্ত করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মনজুর নাহিদ। এতে বলা হয়, একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুসারে বিদেশি কর্মীরা বাংলাদেশ থেকে বছরে ৫ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছেন। যে কোনো বিদেশি বাংলাদেশে কাজ করতে চাইলে বিডা থেকে ওয়ার্ক পারমিট নেওয়ার বাধ্যতামূলক বিধান রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, বিভিন্ন বেসরকারি এমনকি কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে এ নিয়ম মানা হচ্ছে না। অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যায় যে, এ ধরনের প্রায় ৫ লাখ বিদেশি বাংলাদেশে কাজ করছেন। অথচ বিডা থেকে অনুমতি দেওয়া হয়েছে ১ লাখ। তাদের আয়ের ওপর সরকার যথাযথভাবে করও পাচ্ছে না। আবেদনের পক্ষে আইনজীবী অনীক আর হক ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট বিদেশি কর্মীদের বাংলাদেশে কাজের ক্ষেত্রে আইন অনুসারে ওয়ার্ক পারমিট দিতে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়।
