বিশেষ প্রতিনিধি
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, আসন্ন বড়োদিন ও থার্টিফার্স্ট উদ্যাপন ঘিরে কোনো ধরনের সন্ত্রাসী হামলা বা নাশকতার হুমকি নেই। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্মিত কার্যালয় উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে জঙ্গিবাদের পেছনে বৈশ্বিক একটা প্রভাব রয়েছে। আমাদের দেশের উগ্রবাদে ১৫ থেকে ৩৫ বছরের তরুণদের অংশগ্রহণ বেশি। তারা যেন জঙ্গিবাদ বা উগ্রবাদে না জড়ান সে ব্যাপারে আমরা কাজ করছি। তিনি বলেন, ২৫ ডিসেম্বর বাংলাদেশে বড়োদিন উদ্যাপিত হবে। এই উদ্যাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা ও হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই। তবে সবাই যাতে উত্সবমুখর আনন্দে অনুষ্ঠান উদ্যাপন করতে পারে, সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষ উদ্যাপনের প্রথম প্রহরকে ঘিরেও কোনো হুমকি নেই। তবে আমরা এখনো গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি, থ্রেট অ্যাসেসমেন্ট করছি। এর আগে ক্র্যাবের কার্যালয় ও ওয়েবসাইট (www.crabbd.com) উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ক্র্যাবের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দীপু সারোয়ার প্রমুখ। এ সময় ক্র্যাবের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ক্র্যাবের সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম।
