যুবলীগের জাকিরের স্ত্রীর বিরুদ্ধে মামলা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

প্রায় সাড়ে ৪ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুবলীগ ঢাকা দক্ষিণের নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেনের স্ত্রী আয়েশা আক্তার সুমার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ঢাকা সমন্বিত কার্যালয়-১ এ মামলাটি করেন। উল্লেখ্য, জাকির হোসেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নির্বাহী কমিটির সদস্য। সম্রাট যাদের দিয়ে ক্যাসিনো ব্যবসা চালাতেন তাদের মধ্যে জাকির অন্যতম। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১০ সাল থেকে ২০১৯ সাল সময়ের মধ্যে আয়েশা আক্তার সুমা ওরফে মোসা. সোমা অসত্ উদ্দেশে বিভিন্ন অবৈধ পন্থায় ৪ কোটি ৬৩ লাখ ১৩ হাজার ৩০০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জন এবং এ সম্পদ তিনি নিজ ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এর আগে গত ১৩ নভেম্বর কমিশন সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে যুবলীগের নেতা জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করে।