দেশ স্বাধীন হয়েছে কিন্তু সাহিত্য-সংস্কৃতি এখনো পুরোপুরি স্বাধীন হয়নি ----অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২২:২০

চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে পাঁচ দিনব্যাপী সংস্কৃতি উত্সব শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক  ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ৩০ বছর ধরে সাহিত্য সংস্কৃতির ঐতিহ্য তরুণরা এগিয়ে নিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে এগিয়ে যাচ্ছে এ সংস্কৃতি। বঙ্গবন্ধু বলেছিলেন, বাঙালি জাতি মুক্তি চায় স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তি চায়। দেশ স্বাধীন হয়েছে কিন্তু সংস্কৃতি এখনো পুরোপুরি স্বাধীন হয়নি। ধর্ম বিশ্বাস ও ধর্ম দূষণ এক নয়। আমাদের এই তরুণদের নিয়ে সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। একটি শ্রেণি আছে ধর্মকে পুঁজি করে সংস্কৃতিকে ধ্বংস করতে চায়। এ বিষয়ে আমাদের সকলেই এগিয়ে থাকা দরকার।

গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় চুনারুঘাট ডিসিপি হাই স্কুল মাঠে এ উত্সবের উদ্বোধন করেন সংসদ সদস্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা এমপি। তিনি বলেন, আমাদের হাজার বছরের সংস্কৃতির ঐতিহ্য রয়েছে। আমাদের এই সংস্কৃতি ধরে রাখতে হবে। ১৯৭১ সালের পর অনেকবার বাংলা সংস্কৃতি বন্ধের ডাক এসেছে কিন্তু তা বন্ধ হয়নি। রমনার বটমূলে এখনো বাংলা ঐতিহ্যের গান হয়। পরিষদের সভাপতি সালেহ উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন, পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুত্ রঞ্জন পাল।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আবৃতি পরিবেশন করেন স্বপ্না চক্রবর্তী, মাহিদুল ইসলাম মাহিসহ স্থানীয় আবৃতি শিল্পীরা। পরে আসাম ও ত্রিপুরার প্রতিনিধি দলের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। সবশেষে বিভিন্ন মরমী সাধকের গান পরিবেশন করেন ফজলুর রহমান বাবু ও লাভলী রায়। আগামী ২১ ডিসেম্বর পাঁচ দিনব্যাপী সাহিত্য সংস্কৃতি উত্সব শেষ হবে।