প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীন আর নেই

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২২:২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম আর নেই। গতকাল মঙ্গলবার বিকাল ৫টা ১০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতি গ্রামে বাড়ি জয়নুল আবেদীনের। ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিত্সাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোকবার্তায় তারা বলেন, মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন একজন বিশ্বস্ত ও দক্ষ সামরিক কর্মকর্তা। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সামরিক কর্মকর্তাকে হারালো। এছাড়া শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ,                ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম প্রমুখ।

১৯৭৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পাওয়া জয়নুল আবেদীন প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন ২০১১ সালের ২১ নভেম্বর থেকে। মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ১৯৬০ সালের পহেলা জানুয়ারি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে জন্মগ্রহণ করেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তাকে মর্যাদাপূর্ণ ‘বীর বিক্রম’ উপাধিতে ভূষিত করা হয়। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করা এই সেনা কর্মকর্তা ২০০৯ সালের জানুয়ারি মাসে বিশেষ নিরাপত্তা ফোর্স এসএসএফ-এর মহাপরিচালকের দায়িত্ব পান। পরে তিনি প্রধানমন্ত্রীর সামরিক সচিবের পদে আসেন।