অর্থপাচার মামলায় বিদেশ থেকে টাকা ফিরিয়ে আনা হচ্ছে -----------দুদক চেয়ারম্যান

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২২:২২

মানিলন্ডারিং (অর্থপাচার) মামলায় বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনছে দুর্নীতি দমন কমিশন। ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে ২০ লাখ সিঙ্গাপুর ডলার এবং ৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ফেরত আনা হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্য থেকে ৩ লাখ মার্কিন ডলার উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘দ্য এইটথ              সেশন অব দ্য কনফারেন্স অব দ্য স্টেট পার্টিজ টু দ্য ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট করাপশন (আনকাক)’ এর সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশের পক্ষে সম্মেলনে অংশ নেয়। দুদকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কনফারেন্সে দুদক চেয়ারম্যান দেশে দুর্নীতি দমন, প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গৃহীত বহুমাত্রিক কার্যক্রমের বর্ণনা দিয়ে বলেন, বাংলাদেশ দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি অনুসরণ করছে। দুর্নীতিপরায়ণদের কোনো পরিচয় বিবেচনা না করেই সম্পূর্ণ নির্মোহ ও নৈর্ব্যক্তিকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, দুর্নীতি এখন আর কোনো দেশের একক সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। একক কোনো দেশের একক চেষ্টায় দুর্নীতি কাঙ্ক্ষিত মাত্রায় কমিয়ে আনাও কঠিন।

ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি ঘটার আগেই তা প্রতিরোধ করার চেষ্টা করছে দুদক। দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশের আইনগুলো তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্র ও সমাজে সুশাসন নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয় শুদ্ধাচার কৌশল গ্রহণ করেছে। এছাড়া স্বচ্ছ ও জবাদিহিমূলক সুশাসনের জন্য জাতীয় মানবাধিকার কমিশন ও তথ্য কমিশনের মতো প্রতিষ্ঠান গঠন করেছে।

সম্মেলনে দুদক প্রতিনিধিদলে আরো রয়েছেন—দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, দুদক পরিচালক নাসিম আনোয়ার, গোলাম শাহরিয়ার চৌধুরী, মো. মনিরুজ্জামান খান প্রমুখ।