রংপুরে বঙ্গবন্ধু ম্যুরালের পুষ্পমাল্য তছনছ

জড়িতদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ বৃদ্ধাসহ আটক দুই

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২২:২৪

রংপুর মহানগরীর ডিসির মোড়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে সোমবার রাতে বিজয় দিবসের পুষ্পমাল্য তছনছ ও পদদলনের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে গতকাল মঙ্গলবার সড়ক অবরোধ করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। এদিকে পুষ্পমাল্যে ব্যবহূত একাধিক বাঁশের ফালিসহ ছকিনা নামের এক বৃদ্ধাসহ দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এছাড়া একটি ফুলের দোকান থেকে কয়েকটি ককশিটও উদ্ধার করে পুলিশ। অন্যদিকে রংপুরের আট উপজেলাসহ বিভিন্ন স্থানে দোষীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

পুলিশ ও আওয়ামী লীগ দলীয় সূত্র জানায়, বঙ্গবন্ধুর ম্যুরালে বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনসহ সাধারণ মানুষ পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এতে ফুলে ভরে যায় ম্যুরাল। সোমবার গভীর রাতে কে বা কারা বঙ্গবন্ধুর ম্যুরালে হামলা চালিয়ে এসব পুষ্পমাল্যসহ ফুল ছিঁড়ে তছনছ ও পদদলিত করে। সকালে ঘটনা জানাজানি হলে ম্যুরাল এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ, ডিসি আসিব আহসান, আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহীদুল্লাহ কায়সার, কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা।

 এর আগে সেখানে অবস্থান নেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা ম্যুরালের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ গড়ে তোলে। সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর সভাপতি সাফিউর রহমান সাফি, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর সেক্রেটারি তুষার কান্তি মন্ডল প্রমুখ। এ সময় তারা এ ঘটনার সঙ্গে বিএনপি-জামায়াতের লোকজন জড়িত দাবি করে তাদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আব্দুল আলীম মাহমুদ বিপিএম জানান, এ ঘটনায় দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।