রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের বিদেশ যেতে অনুমতির আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। একই সঙ্গে শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। ৬ জানুয়ারি প্রধান বিচারপতির বেঞ্চে পরবর্তী শুনানি হবে।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান এবং সাফাতের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চিকিত্সার জন্য সাফাতকে বিদেশ যেতে ৯ ডিসেম্বর হাইকোর্ট আদেশ দেয়। ঐ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
