তলব আদেশে হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন টাঙ্গাইলের সখিপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন। তাদেরকে সতর্ক করে দিয়ে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদালত বলে, গুটি কয়েক কর্মকর্তার আচরণের জন্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের বদনাম হয়। মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নৈতিকতার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন।
মামলার বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে তথ্য না দিয়ে তার পরিচয় যাচাই এবং রিটকারীকে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্ট তলবের আদেশ দেয়। আদালতে তাদের পক্ষে ছিলেন আইনজীবী এস এম ফয়েজ ও রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।
