জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি গতকাল মঙ্গলবার বিকালে এক বিবৃতিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক রাজাকারের খসড়া তালিকা প্রকাশকে স্বাগত জানিয়ে বলেছেন, দীর্ঘ বিলম্ব হলেও রাজাকারের তালিকা প্রকাশের উদ্যোগ প্রশংসনীয়। রাজাকারদের তালিকা প্রকাশ আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সত্য প্রতিষ্ঠার পথে একটি বলিষ্ঠ পদক্ষেপ।
তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ‘রাজাকারের তালিকা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বক্তব্যের প্রতিবাদ করে বলেন, তার বক্তব্যের মধ্যেই ‘ঠাকুর ঘরে কে রে—আমি কলা খাইনি’র মতো রাজনৈতিক অবস্থানের বহিঃপ্রকাশ ঘটেছে। তারা বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত রাজাকারের খসড়া তালিকার মধ্যে যে ভুল-ত্রুটি-গোজামিল রয়েছে তা অবশ্যই চূড়ান্ত তালিকা প্রকাশের পূর্বেই সংশোধন করতে হবে।
