দুদক কার্যালয়ে মামলা দায়েরের বৈধতা প্রশ্নে রুল

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০০:৩৫

থানার পরিবর্তে দুদক কার্যালয়ে এজাহার গ্রহণের বিধান কেন বাতিল ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। আবেদনের পক্ষে আইনজীবী আব্দুল কাইউম খান ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন।

দুর্নীতি দমন কমিশন বিধিমালার ১(২)(ঘঘ), ৪ নম্বর বিধি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস ও নওশীন নাওয়াল। সুবীর নন্দী দাস বলেন, ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা অনুযায়ী যে কোনো ব্যক্তির অভিযোগ থানা রেকর্ড করতে ‘বাধ্য’। কিন্তু দুদকের ঐ বিধিমালার কারণে এখন আর থানা দুর্নীতির বিষয়ে অভিযোগ বা সরাসরি মামলা রেকর্ড করতে পারছে না। কোনো অভিযোগ শুধু সাধারণ (জিডি) হিসেবে গ্রহণ করতে পারবে থানা। পরে সে অভিযোগ (জিডি) থানা পাঠিয়ে দেয় দুদকে। সে জিডির ভিত্তিতে দুদক চাইলে অনুসন্ধান বা তদন্ত করে মামলা করে।