অভিভাবক ফোরামের সংবাদ সম্মেলন

ভিকারুন নিসার অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়ম অভিযোগ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০০:৩৬

ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফওজিয়ার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে তার অপসারণ দাবি করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন অভিভাবক ফোরাম নামে একটি সংগঠন।

সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি আনিসুর রহমান বলেন, বর্তমান অধ্যক্ষ স্কুলের জাতীয় সংগীতের সময় উপস্থিত থাকেন না। প্রতিনিয়ত ১১টায় এসে দুই-এক ঘণ্টা অবস্থান করে প্রতিষ্ঠান থেকে বের হয়ে যান। এতে প্রতিষ্ঠানের প্রশাসনিক ও সার্বিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।

তিনি বলেন, বসুন্ধরা শাখায় প্রধান নিয়োগের ক্ষেত্রেও তিনি পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। ফোরামের পক্ষ থেকে উক্ত শাখা প্রধান নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষককে দায়িত্ব দেওয়ার দাবি জানালেও তা উপেক্ষা করে ধানমন্ডি শাখা থেকে জনৈক শিক্ষককে নিয়োগ দেন। 

অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গভর্নিং বডি থাকা সত্ত্বেও অধ্যক্ষ রেজুলেশন ছাড়াই এবং অভিভাবকদের মতামত না নিয়েই অনলাইনে নির্দিষ্ট এক দিন সময়সীমা দিয়ে ভর্তির তারিখ ধার্য করে এরই মধ্যে নোটিশ প্রদান করা হয়েছে।

গভর্নিং বডির প্রাক্তন সদস্য অ্যাডভোকেট ইউনূস আলী বলেন, ভিকারুন নিসার অধ্যক্ষ একবেলা অফিস করেন, অন্যবেলা তদ্বিরে ব্যস্ত থাকেন। প্রতিষ্ঠানের নিয়ম মানেন না। সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার রানা উপস্থিত ছিলেন।