স্মরণে শিল্পী কাইয়ুম চৌধুরী

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০০:৩৭

গানে আলোচনায় স্মরণ করা হলো বাংলাদেশের আধুনিক চিত্রকলার স্বনামধন্য শিল্পী কাইয়ুম চৌধুরীকে। গত ৩০ নভেম্বর ছিল শিল্পী কাইয়ুম চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করেছে কাইয়ুম চৌধুরী স্মরণানুষ্ঠান। অনুষ্ঠান সাজানো হয়েছিল শিল্পবিষয়ক আলোচনা, গদ্য ও কবিতার নির্বাচিত পাঠ এবং কাইয়ুম চৌধুরীর প্রিয় গানের উপস্থাপনায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চিত্রকলায় তার স্বাতন্ত্র্য লক্ষ্যণীয় এবং গ্রাফিক্স ডিজাইনে নবরূপের পথিকৃত এই শিল্পপ্রতিভার কৃতী দেশ ও কালের গণ্ডি ছাপিয়ে ইতিহাসে স্থান করে নিয়েছে।

স্মরণানুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সচিব মো. বদরুল আনম ভূঁইয়া, শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও তাহেরা চৌধুরী। শিল্পী কাইয়ুম চৌধুরী শিল্পকলা বিষয়ে ‘সৃজন ও রুচির যাত্রাপথ : কাইয়ুম চৌধুরীর দৃশ্যজগত্’ শীর্ষক মূল বক্তব্য প্রদান করেন বিশিষ্ট শিল্প সমালোচক অধ্যাপক আবুল মনসুর।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মৃত্তিকা সহিতার পরিকল্পনা ও গ্রন্থনায় উপস্থাপন করা হয় ‘জীবনে আমার যত আনন্দ’। শিল্পী কাইয়ুম চৌধুরী বিষয়ে পাঠ করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, সংগীত পরিবেশন করেন শিল্পী বুলবুল ইসলাম, তানিয়া মান্নান, জান্নাত এ ফেরদৌসী লাকী, সত্যজিত ঘোষ, পূরবী বড়ুয়া, মৃত্তিকা সহিতা, টিংকু শীল, সমি সুহূদ, শ্রাবন্তী ধর, জাহিদ কিরণ, পর্ণা দেব রায় পিউ, দিপ্র নিশান্ত, প্রিয়াংকা সরকার ও রতন মজুমদার।