রফিক উদ্দিন বাবুল, উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজার টেকনাফ সড়কের লিংক রোড থেকে কাঞ্জরপাড়া পর্যন্ত সড়ক সংস্কারের কারণে ধুলাবালিতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। নাকে মাস্ক লাগিয়ে বের হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হওয়ার ভয় আছে বলে চিকিত্সকেরা মতামত ব্যক্ত করে সড়কে পানি ছিটানোর ব্যবস্থা করতে পরামর্শ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান বলেন, নির্মাণাধীন সড়ক পথে পানি ছিটানোর কথা বলা হয়েছে মাসিক সমন্বয় সভায়। সে ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঠিকাদারদের অবহিত করা হয়েছে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বলছেন, প্রয়োজনের তাগিদে সড়ক পথে বাধ্য হয়ে চলতে হচ্ছে। কিন্তু ধুলাবালি নাকে-মুখে ঢুকে পড়লেও করার কিছু নেই।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি নুর মোহাম্মদ সিকদার ও উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন যৌথ বিবৃতিতে বলেছেন, সরকার ও এডিবির যৌথ অর্থায়নে এ সড়কটি সম্প্রসারণ ও পুনর্নির্মাণ কাজ চলছে। কাজ চলাকালীন মানুষের ব্যাঘাত না ঘটে, পথচারী, স্কুল-কলেজ, মাদ্রাসাগামী ছাত্রছাত্রী ধুলোবালিতে যাতে আক্রান্ত না হয়, সে ব্যাপারে পূর্ব প্রস্তুতি নিয়ে কাজ করতে বলা হয়েছে। তারা বলেন, আজ পর্যন্ত সড়কে পানি ছিটানো হয়নি।
কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত (সুপারভাইজার) আব্দুল জলিল জানান, সড়কে পানি ছিটানোর ব্যবস্থা করা হচ্ছে।
উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী জানান, ‘ধুলাবালির কারণে পেশাগত দায়িত্ব পালন করা যাচ্ছে না। নাকে-মুখে ধুলাবালি ঢুকে পড়ছে। তিনি বলেন, উখিয়ার সড়ক পথের উন্নয়ন হলেও সাময়িকভাবে মানুষ যে কষ্ট পাচ্ছে তা সড়ক ও জনপদ বিভাগের ভেবে দেখা উচিত।’
