পঞ্চগড় প্রতিনিধি
মুজিব বর্ষ উপলক্ষ্যে পঞ্চগড় শহরের করতোয়া তীরে তুলারডাঙ্গা বাঁধ এলাকায় নির্মাণ হচ্ছে সোনার বাংলা পার্ক। মঙ্গলবার পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান এই পার্ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, ৬৪ জেলায় ছোটো নদী, খাল এবং জলাশয় খনন প্রকল্পের আওতায় প্রায় ২৯ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড এই পার্ক নির্মাণ কাজের প্রকল্প বাস্তবায়ন করছে। কাজের মধ্যে বাঁধের চারপাশ সজ্জিতকরণ ও বিভিন্ন স্থানে ছাতাসহ চারটি সিটিং চেয়ার, ১০টি সিটিং বেঞ্চ, দুটি পাবলিক টয়লেট, দুটি গেট, দুটি হ্যান্ড টিউবওয়েল, ছয়টি খেলনা রাইডসহ সৌন্দর্য বর্ধক গাছ ও ফুলের বাগান করা হবে।
উল্লেখ্য, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড নির্মিত করতোয়া নদীর ঐ বাঁধ দখল করে প্রায় ৯৬টি পরিবার দীর্ঘদিন বসবাস করে আসছে। বসবাসকারী এসব পরিবারের সদস্যরা দরিদ্র এবং দিনমজুর। তাদের দাবি, তারা ভূমিহীন। অন্য কোনো স্থানে তাদের বসবাসের সুযোগ করে দিলে পরিবারগুলো বাঁচবে। তবে এ ব্যাপারে জেলা প্রশাসন এবং জেলা পরিষদ উদ্যোগ নেবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে আগামী ২৩ ডিসেম্বর একযোগে ঐসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
