কমেছে পাসপোর্টধারী যাত্রীদের সংখ্যা!

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:৩১

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়া নিয়ে দেশটিতে সহিংস বিক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ায় নেতিবাচক প্রভাব পড়েছে পাসপোর্ট যাত্রীদের ওপর। এর ফলে ভারতের বিভিন্ন রাজ্যে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কমে গেছে পাসপোর্ট যাত্রীর সংখ্যা। বেশি দুর্ভোগে পড়েছে রোগী যাত্রীরা।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টে লুতফর রহমান, জহির হোসেনসহ কয়েক জন যাত্রী জানান, ভারতের কলকাতা, ব্যাঙ্গালুরু এবং চেন্নাই রুটে রেল যোগাযোগ বন্ধ থাকায় সে দেশে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে। হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রীর সংখ্যা কমে গেছে। বেশি টাকা খরচ করে কলকাতা গিয়ে বিমানে যেতে হচ্ছে। এতে আমাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

তারা আরো জানান, ডাক্তারের এ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তাই অনেকের কষ্ট হলেও যেতে হচ্ছে। আবার অনেকে কলকাতায় ডাক্তার দেখিয়ে ফিরে আসছে। আবার অনেকে ভারতে না গিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. রফিকুজ্জামান জানান, হিলি চেকপোস্ট দিয়ে ভারতে পাসপোর্টে যাতায়াত স্বাভাবিক রয়েছে। তবে আগের চেয়ে যাত্রীর সংখ্যা অনেক কমে গেছে। এই চেকপোস্ট দিয়ে বেশি রোগী যাত্রী চিকিত্সার জন্য ভারতের বিভিন্ন রাজ্যে যায়। কিন্তু কলকাতা, ব্যাঙ্গালুরু, চেন্নাই রুটে ট্রেন চলাচল বন্ধ আছে বলে শুনেছি।