স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘তথ্য বিজ্ঞান ও টেকসই উন্নয়ন : সমস্যা, সম্ভাবনা ও বাস্তবতা’ শীর্ষক দুই দিনব্যাপী ৭ম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ। পরিসংখ্যান বিভাগ আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। উদ্বোধনী পর্ব শেষে প্রধান অতিথি পরিসংখ্যান বিভাগ চত্বরে আয়োজিত প্রদর্শনী স্টলের উদ্বোধন করেন। সম্মেলনের প্রেস ও পাবলিসিটি কমিটির আহ্বায়ক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, সম্মেলনে দুইটি কি-নোট, তিনটি প্লেনারি স্পিচ, ছয়টি ইনভাইটেট পেপার ও ছয়টি কনট্রিবিউটেট পেপারসহ ১২২টি সায়েন্টিফিক পেপার উপস্থাপনের কথা রয়েছে। বাংলাদেশ, ভারত, নেপাল, চীন, জাপান, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০ গবেষক, পরিসংখ্যান ও গণিতবিদ, কম্পিউটার বিজ্ঞানী, কৃষিবিদ, চিকিত্সা বিজ্ঞানী, পরিবেশ ও জীববিজ্ঞানী এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা সম্মেলনে অংশ নিচ্ছেন।
আজ বৃহস্পতিবার বিকালে রাবি উপাচার্যের সভাপতিত্বে সম্মেলনের সমাপনীতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
