ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ২০ ঘণ্টা পর জয়নব বেগম (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে সরাইল সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া গ্রামের বাঁশঝাড় থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। জয়নব ঐ গ্রামের মো.আবদুল হাফিজ মিয়ার মেয়ে। সে পশ্চিম কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, গত সোমবার রাত আটটার দিকে পাশের বাড়িতে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি শিশু জয়নব। রাত থেকে আশপাশের বাড়িঘরে ও স্বজনদের বাড়িতে খুঁজেও সন্ধান মিলেনি। পরে মঙ্গলবার বিকালে স্থানীয় ইছা মিয়ার বাড়ির পাশের বাঁশঝাড়ে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহাদাত হোসেন জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
