চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের আন্তর্জাতিক কনফারেন্স শুরু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:৩৩

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। বুধবার চুয়েটের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে দুই দিনব্যাপী এই কনফারেন্স উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, অর্থনৈতিক উন্নয়নে পদার্থ বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। বিজ্ঞানের আজকের উত্কর্ষতার পেছনে পদার্থ বিজ্ঞানের বিস্ময়কর ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে কনফারেন্স স্পিকার হিসেবে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এম শমসের আলী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কনফারেন্স  চেয়ারপারসন ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং কনফারেন্সের টেকনিক্যাল চেয়ারপারসন অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। সাজনীন আকতার লামিয়া ও হাবিবুল্লাহ সরকারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন ড. স্বপন কুমার রায়।