বরিশালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মীভূত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:৩৪

বরিশাল অফিস

নগরীর বান্দ রোডের শিল্পকলা একাডেমির পেছনে রাজ্জাক স্মৃতি কলোনিতে (কেডিসি বস্তি) মঙ্গলবার রাত ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাল বানুর ঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী মালেক হাওলাদার ও মনিরুল ইসলাম বুলবুলের ঘরে ছড়িয়ে পরে। খবর পেয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিট গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ জানান, অগ্নিকাণ্ডে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত নির্ণয় করা সম্ভব হয়নি।