চট্টগ্রাম সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:৪২

বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম প্রধান জনবহুল এলাকা বাকলিয়া থানার মিয়া খান নগরের বাদামতলী মোড়। এর উত্তর-দক্ষিণ এবং পূর্ব দিকে রাস্তা রয়েছে। পূর্বদিকে ময়দার মিল হয়ে কালা মিয়া বাজার, জামাইবাজার, উত্তরদিকে জনবহুল বৌবাজার এবং দক্ষিণদিকে মিয়া খান ব্রিজ হয়ে খাতুনগঞ্জ, টেরিবাজারসহ শহরের বিভিন্ন প্রান্তে যাতায়াত করা যায়। বাদামতলী মোড়ের তিন পাশেই বহু শিক্ষাপ্রতিষ্ঠান, সেইসঙ্গে বৌবাজারে ভিড়ভাট্টা থাকে সারা দিন। বাদামতলী মোড়ের দক্ষিণদিকে ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীদের একাধিক মার্কেট, সেইসঙ্গে  কোমলমতি শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে জনসাধারণ ও গাড়ি চলাচলের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে ময়লার ডিপো। অথচ এটি সিটি করপোরেশনের নির্ধারিত ময়লা ফেলার স্থান নয়! শুধু ঐ মোড় লাগোয়া খালের পাশের জায়গা একটু বড় হওয়ায় তিন পাশের এলাকার সমস্ত ময়লা ফেলা হয় সিটি করপোরেশনের ভ্যানগাড়িগুলোর মাধ্যমে। ফলে ময়লার দুর্গন্ধে পথচারিদের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। রাস্তা বন্ধ করে এক শতাংশের বেশি জায়গা নিয়ে গড়ে ওঠা ময়লার স্তূপের কারণে নিয়মিত যানজট লেগেই থাকে। তাই চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের কাছে বিনীত আবেদন এই যে, ময়লার ডিপোটি অন্যত্র সরিয়ে নিন অথবা খালের দেয়ালের সঙ্গে সামান্য জায়গা নির্ধারণ করে বাউন্ডারি দিয়ে ময়লা ফেলার ব্যবস্থা করুন।

জুবায়ের আহমেদ

মিয়া খান নগর, বাকলিয়া, চট্টগ্রাম