পুরনো ঢাকার শত শত ভবন অগ্নিঝুঁকির মধ্যে রয়েছে। শাঁখারীপট্টি, তাঁতীবাজার, বাংলাবাজার, ইসলামপুর, চকবাজার, বেচারাম দেউরী, লক্ষ্মীবাজার, সদরঘাট, নবাবপুর, ধোলাইখাল, নারিন্দা, ফরাশগঞ্জ, সূত্রাপুর, গেন্ডারিয়া, দয়াগঞ্জ, আরমানিটোলা, বংশাল ও বঙ্গবাজারসহ জরাজীর্ণ মার্কেটসমূহ, লালবাগ, কোতোয়ালি এলাকার কথা বলা যায়। এমনিতে পুরান ঢাকার অনেক বাড়ির মেয়াদ শেষ। শুধু অগ্নিঝুঁকি নয়, ভূমিকম্পের আতঙ্কও কম নয়। সরু রাস্তা, আগুন নির্বাপণের গাড়ি, অ্যাম্বুলেন্স এসব রাস্তায় চলাচল করতে পারে না। তাই সময় থাকতে পুরনো ঢাকার আধুনিকীকরণে এখনই দক্ষিণ সিটি করপোরেশন ও রাজউকের এগিয়ে আসা উচিত। পুরান ঢাকার অধিকাংশ বহুতল ভবন ও মার্কেট কোনো নীতিমালা না মেনেই গড়ে তোলা হয়েছে। কোথাও কোথাও আবার ছয়তলার অনুমোদন নিয়ে ১০ তলা ভবন নির্মাণ করা হলেও জরুরিভাবে বাড়ি ও ফ্ল্যাট থেকে বের হওয়ার জন্য বিকল্প সিঁড়ি রাখা হয়নি। পুরনো ঢাকা এমনিতে ঘিঞ্জি এলাকা। জনগণকে সচেতন করতে তাই চিহ্নিত ভবনগুলোতে ঝুঁকিপূর্ণ বার্তার সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়ার বিকল্প নেই। সম্ভব হলে সরু রাস্তাগুলো কিছুটা বড়ো করার উদ্যোগ নিলে পুরনো ঢাকাবাসী উপকৃত হবে।
মাহবুবউদ্দিন চৌধুরী
১৭ ফরিদাবাদ-গেণ্ডারিয়া, ঢাকা ১২০৪
