স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে চলছে দিন বদলের হাওয়া। তারই অংশ হিসেবে এবার জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পেলেন জ্যাক ক্যালিস। কোচিং স্টাফ দলে তিনি সঙ্গী হিসেবে পাচ্ছেন সাবেক দুই সতীর্থ মার্ক বাউচার ও চার্ল ল্যাঙ্গাভেল্টকে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৫১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্যালিসের ক্যারিয়ারে আছে ২৫৫৩৪ রানের সঙ্গে ৫৭৭টি উইকেট। ৬২টি টেস্ট সেঞ্চুরি নিয়ে ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ক্যালিস।
কোচিং ক্যারিয়ারে ক্যালিস খুব বেশি অভিজ্ঞ না হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ ছিলেন তিনি। সেই দায়িত্ব ছেড়েছেন এ বছরই। এদিকে আরেক প্রোটিয়া সাবেক তারকা অ্যাশওয়েল প্রিন্সকে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে বেশ কয়েকটা পালাবদল হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর দায়িত্ব পেয়েছেন জ্যাকস ফ্যাউল, ক্রিকেট পরিচালক হিসেবে যোগ দিয়েছেন গ্রায়েম স্মিথ, মার্ক বাউচারকে দেওয়া হয়েছে প্রধান কোচের দায়িত্ব। বোলিং পরামর্শক হিসেবে যোগ দেওয়ার জন্য চুক্তি শেষ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বিদায় নিয়ে ফেলেছেন চার্ল ল্যাঙ্গাভেল্ট। এবার তাদের তালিকায় যোগ হলো জ্যাক ক্যালিসের নাম।
নতুন এই কোচিং স্টাফদের ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই দেখা যাবে। আগামী ২৬ ডিসেম্বর, বক্সিং ডেতে সেঞ্চুরিয়নে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ফাফ ডু প্লেসিসের দল। আর প্রথম দুই টেস্টের জন্য প্রোটিয়ারা যে দল ঘোষণা করেছে, তাতে আছেন অনভিষিক্ত ছয় ক্রিকেটার। টেস্ট সিরিজ শেষে ইংল্যান্ডের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা।
