স্পোর্টস ডেস্ক
বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে আজ। প্রথমবারের মতো এবারের নিলাম আয়োজিত হতে যাচ্ছে কলকাতায়।
এবারের আসরের নিলামের জন্য ৩৩২ জন খেলোয়াড়ের তালিকা চূড়ান্ত করেছে আয়োজক কর্তৃপক্ষ। সেখানে মুশফিকুর রহিমসহ বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের নাম রয়েছে। এর মধ্যে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকের নাম নিলামে থাকছে, তা জানা গিয়েছিল আগেই। নিলামে উঠতে যাওয়া বাংলাদেশের বাকি চার ক্রিকেটার হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও সাব্বির রহমান।
প্রাথমিক তালিকায় অবশ্য ছিলেন না মুশফিক ও সাব্বির। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে তাদের রাখা হয়েছে। তাদের সঙ্গে যোগ হয়েছেন আরো ২২ জন। চূড়ান্ত তালিকায় জায়গা পাননি প্রাথমিক তালিকায় থাকা তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার ও তাসকিন আহমেদ।
নিলামে নাম তুলতে আগ্রহী খেলোয়াড়দের প্রাথমিক তালিকা গেল ২ ডিসেম্বর প্রকাশ করা হয়েছিল। বাংলাদেশের ছয় জনসহ সেখানে ছিল মোট ৯৭১ জন ক্রিকেটারের নাম। যাচাই-বাছাই শেষে গেল বুধবার ৩৩২ জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়।
এই তালিকায় ১৮৬ জনই ভারতীয় ক্রিকেটার। এছাড়া টেস্ট খেলুড়ে দেশগুলো থেকে ১৪৩ এবং আইসিসির সহযোগী দেশ থেকে তিন জনের নাম উঠবে নিলামে। এখান থেকে আটটি ফ্যাঞ্চাইজি মোট ৭৩ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে।
আইসিসি কর্তৃক নিষিদ্ধ থাকায় এবারের নিলামে নাম নেই টুর্নামেন্টের নিয়মিত খেলোয়াড় সাকিব আল হাসানের। সাম্প্রতিক সময়ে তিনিই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার, যিনি নিয়মিত আইপিএলের আসরে অংশ নেন। তিনি লম্বা সময় কলকাতা নাইট রাইডার্সে খেলার পর সর্বশেষ খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। আইসিসির নিষেধাজ্ঞার কারণে তাকে এক বছরের জন্য ঘরোয়া, আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি—সব রকমের ক্রিকেট থেকে দূরে থাকতে হবে। এর বাদে মুস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কয়েকটি আসর খেলেছেন। এর বাদে আরো চার বাংলাদেশি ক্রিকেটারকে বিভিন্ন সময়ে আইপিএলের কয়েকটি দল দলভুক্ত করেছে। তারা হলেন মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল।
এবারের নিলামে জাতীয় দলে খেলা ক্রিকেটারদের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি আর সর্বনিম্ন ৫০ লাখ রুপি। অন্যদিকে অনভিষিক্ত ক্রিকেটারদের সর্বোচ্চ ভিত্তিমূল্য ৪০ লাখ রুপি আর সর্বনিম্ন ২০ লাখ রুপি।
সর্বোচ্চ ভিত্তিমূল্যের (২ কোটি রুপি) খেলোয়াড় তালিকায় থাকা সাতজনই বিদেশি। এদের মধ্যে আবার পাঁচজনই অস্ট্রেলিয়ান। তারা হলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, ক্রিস লিন, মিশেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। বাকি দুজন হলেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস।
ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য পাচ্ছেন রবিন উথাপ্পা। সেটা হলো দেড় কোটি রুপির। অন্যদিকে এক কোটি রুপির ভিত্তিমূল্য পাচ্ছেন পিযুষ চাওলা, ইউসুফ পাঠান ও জয়দেব উনাদকাত।
ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য পাচ্ছেন মুস্তাফিজুর রহমান। তার অন্য ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। অন্যদিকে মুশফিক ও মাহমুদউল্লাহর ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। সাইফউদ্দিন ও সাব্বিরের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি।
