প্রত্যাবর্তনে বড়ো হার পুলিশের
স্পোর্টস রিপোর্টার
ফেডারেশন কাপ ফুটবলে খেলতে এসে নবাগত পুলিশ ফুটবল ক্লাব টের পেল বড়ো আসরে লড়াই করা কতটা কঠিন। কেননা গতকাল বুধবার প্রথম ম্যাচে পুলিশ দল পাত্তাই পায়নি শিরোপাধারী আবাহনীর কাছে।
আবাহনী খেলাটিতে পুলিশ দলকে ৪-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হওয়ার আগে কয়েকশ দর্শক বুঝতেও পারেনি ম্যাচ শেষে এরকম স্কোর লাইন হবে। পুলিশ গোছানো ফুটবল খেলতে পারেনি। বিদেশি ফুটবলাররা খেলেছিল। কিন্তু বিদেশিদের সঙ্গে দেশিদের বোঝাপড়ার অভাব।
তাছাড়া প্রথম ম্যাচ, বুঝে উঠারও একটা ব্যাপার ছিল। রক্ষণভাগ পুরোই ভগ্ন। মাঝমাঠে স্ট্রাইকিং পজিশনে ছিল না পরিকল্পনা। এ ঘাটতিগুলো পরিষ্কার হয়ে উঠছিল মাঠে। এই সুযোগে দুই দলের লড়াইটা একপেশেই হয়েছে। প্রথমার্ধেই তিন গোল করে এগিয়ে যায় আবাহনী। দ্বিতীয়ার্ধে আরো এক গোল। ‘ক’ গ্রুপ হতে আবাহনী কোয়ার্টার ফাইনালে এক পা এগিয়ে রাখল।
আবাহনীর হাইতিয়ান ফুটবলার বেলফোর্ট ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন। দুইটা গোল করেছেন। একটা করিয়েছেন নাইজেরিয়ান সানডে এবং জীবন করেছেন অন্য গোল দুটি। ২৮ মিনিটে কিরগিজ ফুটবলার এডগার ফ্রিকিক করেন আর বেলফোর্ট নিখুঁত হেডে গোল করেন ১-০। ৪ মিনিটের মধ্যে দ্বিতীয় গোল হজম করে পুলিশ। রায়হানের লম্বা থ্রো মাইলসন আলভেগের মাথা ছুঁয়ে কোনায় দাঁড়ানো নাবীব নেয়াজ জীবন টোকা মেরে গোল করেন ২-০।
জীবন এবার আবাহনীর অধিনায়ক। ৯ নম্বর জার্সি গায়ে জীবনের জন্য এটা অনেক বড়ো ব্যাপার। আবাহনীর মতো বড়ো দলের অধিনায়ক এক জন স্ট্রাইকার। প্রথম ম্যাচেই গোল করেছেন। খুশি লাগছে তবে জাতীয় দলে ব্যর্থতার প্রমাণ দিয়ে এসেছেন নেপালে এসএ গেমস ফুটবলে। সেই দুঃখটাও মনের মধ্যে নাড়া দিয়ে উঠে। গত মৌসুমে ২০ গোল করেছিলেন জীবন। তার মতে লিগে ১৭ গোল। এবার সেটাকে ছাড়িয়ে যেতে চান।
রানার ক্রসে সানডে ৪২ মিনিটে সোহেল গোল করেন ৩-০। গোল করেই সাইড বেঞ্চে বসেন সানডে। কোচ পাঠিয়েছেন তাকে। আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস তিন গোলেই বুঝে গিয়েছিলেন পুলিশের বিপক্ষে কী হতে যাচ্ছে। তাই আক্রমণভাগের তিন অস্ত্র সানডে, বেলফোর্ট এবং এডগারকে মাঠ থেকে তুলে নেন। পুলিশের এমন দুর্বলতায় অভিজ্ঞ কোচের সিদ্ধান্ত। তারপরও পুলিশ সেই দক্ষতা দেখাতে পারল না। ৭০ মিনিটে পেনাল্টি হতে বেলফোর্ট ম্যাচের চতুর্থ গোল করেন ৪-০। পুলিশের সার্বিয়ান নিকোলা ভিট্টভিচ অমন হারেও খুব একটা হতাশ না, ‘প্রথমার্ধে আমরা সুবিধা করতে পারিনি। দ্বিতীয়ার্ধে আমরা ঘুরে দাঁড়িয়েছি।’ দলটির ফুটবল ম্যানেজার শেখ মারুফ হাসানও হতাশ না, ‘ফুটবল গোলের খেলা, গোল হয়েছে। তবে বল পজেশনে আমরা এগিয়ে ছিলাম।’
এদিকে আবাহনীর তিন ফুটবলার সোহেল রানা, রায়হান হাসান খেলেছেন, নামতে দেখা যায়নি শেখ রাসেল থেকে আসা সোহেল রানাকে। বাফুফে সূত্রের দাবি ওদের নিয়ে আদালত থেকে যে স্থগিতাদেশ ছিল সেটা মেনে নিয়ে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। সঙ্গে এটা জানা গেছে, নতুন করে আরেকটি আদেশ এসেছে বাফুফের কাছে।
আজকের খেলা : সাইফ স্পোর্টিং ও রহমতগঞ্জ। বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ৩টা ৩০ ও ৬টা ১৬, বঙ্গবন্ধু স্টেডিয়াম।
