বাড়ছে দর্শকের আগ্রহ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:৪৮

বিপিএল চট্টগ্রাম পর্ব

জাকির হোসেন লুলু, চট্টগ্রাম অফিস

বঙ্গবন্ধু বিপিএল চট্টগ্রাম পর্বের শুরুর দিনটা ছিল একেবারেই সাদামাটা। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারি ঐদিন ছিল একেবারেই ফাঁকা। সন্ধ্যায় চট্টগ্রাম ও সিলেটের ম্যাচ চলাকালীন পূর্ব গ্যালারির কিছুটা অংশ দর্শকে মুখর থাকলেও পশ্চিম গ্যালারি ছিল একেবারে ঠান্ডা।

প্রথম দিন সাগরিকার গ্যালারির বড়ো অংশই ছিল খালি। যে সাগরিকা স্টেডিয়াম দর্শকদের গগনবিদারী চিত্কার, মুহুর্মুহু করতালিতে মুখর থাকে এবার প্রথম দিনই তা ছিল রীতিমতো নীরব। সাগরিকার স্টেডিয়ামে চিরচেনা রূপ,  কোলাহল, হই চই, শোরগোল তেমন দেখা যায়নি। তবে দ্বিতীয় দিনের চিত্র পালটে যায় অনেকটা। এই দিনে গ্যালারি কানায় কানায় ভরে না উঠলেও প্রথম দিনের তুলনায় দর্শক বেড়েছে বহুলাংশে। পূর্বদিকে সাধারণ গ্যালারিতে প্রথম দিনের তুলনায় অনেক বেশি ক্রিকেট অনুরাগীর উপস্থিতি চোখে পড়েছে। ফলে আয়োজকরাও আশায় বুক বাঁধতে শুরু করেছে। দর্শকরা আসবে বিপিএলের খেলা দেখতে।

গতকাল দুপুরে কুমিল্লা ও রংপুর আর ঢাকা ও চট্টগ্রামের খেলা শুরুর আগে থেকেই টিকিট কাউন্টারে ক্রিকেট অনুরাগীদের আনাগোনা বৃদ্ধি পেতে দেখা যায়। খেলা শুরুর আগ মুহূর্তেই সাধারণ গ্যালারির গেটে ভিড় ছিল চোখে পড়ার মতো। তারপর যত সময় গড়িয়েছে ততই ভিড় বৃদ্ধি পেয়েছে। একপর্যায়ে গ্যালারির পূর্ব তিন অংশ প্রায় ভরে যায় দর্শকে।

গতকাল বিকালের দিকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের সাধারণ গ্যালারিতে দেখা যায় প্রাণের ছোঁয়া। টিকিটের মূল্য একটু বেশি থাকলেও দর্শক উপস্থিতির অন্যতম বৃহত্ উপাদান হলো ভালো ক্রিকেট। বিশেষ করে হাই স্কোরিং গেম। সন্ধ্যার ম্যাচে আরো বেড়ে যায় দর্শকের উপস্থিতি। তবে বেশির ভাগই দর্শক ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সমর্থক। তারা অকুণ্ঠচিত্তে চট্টগ্রামকে সমর্থন দিয়েছেন। দর্শক উপস্থিতি আরো বৃদ্ধি পেত, যদি টিকিটের মূল্য চড়া না হতো। ক্রিকেট তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। কিন্তু সাগরিকা মাঠের দূরত্বের কথা বিবেচনায় এনে তারা দূরে সরে রয়েছে। তবে ক্রমান্বয়েই আগ্রহ বৃদ্ধি পাবে।

ধীরে ধীরে দর্শক বৃদ্ধি পাওয়ার বিষয়টি সার্থক হবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। তবে এখন দেখার বিষয় দর্শকদের কতটা আকর্ষণ করতে পারে এবারের বিপিএল। অনেকেই ধারণা করছেন বিপিএল চট্টগ্রাম পর্বে দর্শকের খরা দেখা যাবে না। আর সেটা বরাবরই প্রমাণিত হয়েছে। এবারের আসরেও সে প্রতীক্ষায় রয়েছে বিপিএল আয়োজকরা।