মাংস আমদানির সিদ্ধান্ত কেন অবৈধ নয় :হাইকোর্ট

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২২:০৯

ইত্তেফাক রিপোর্ট

পর্যাপ্ত উত্পাদন থাকা সত্ত্বেও গবাদিপশুর মাংস আমদানির সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে গবাদিপশুর মাংসের মান ও বিশুদ্ধতা নিশ্চিতের কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন।

বিদেশ থেকে গবাদিপশুর মাংস আমদানি বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী মো. মোছাব্বির হোসেন। ঐ আবেদনে বলা হয়, প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুসারে দেশে গবাদিপশুর মাংসের চাহিদা প্রায় ৭৩ লাখ মেট্রিক টন। আর দেশে উত্পাদন হয় ৭৫ লাখ মেট্রিক টন। কিন্তু গণমাধ্যমের খবর অনুযায়ী সরকার গবাদিপশুর মাংস আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। এতে দেশীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হবেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামরুজ্জামান ও নাজমুল হুদা। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে।