ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের রাজনীতিতে শূন্যতা বিরাজ করছে। এই শূন্যতা পূরণে একমাত্র রাজনৈতিক শক্তি হচ্ছে জাপা। গতকাল বুধবার জাপা চেয়ারম্যান তার বনানী কার্যালয়ে ফেনী জেলা বিএনপির কয়েকজন নেতাকর্মীর জাপায় যোগদান অনুষ্ঠানে একথা বলেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জি এম কাদের বলেন, শৃঙ্খলাই শক্তি। তাই নেতৃত্বের প্রতি আনুগত্য থাকতে হবে। দলকে আরো শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, এস এম ফয়সল চিশতি প্রমুখ।
