রাজাকারের তালিকা স্থগিত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২২:৪৫

বিতর্কের মুখে রাজাকারের তালিকা স্থগিত করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। প্রকাশিত তালিকাটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে যাচাই-বাছাই করে তালিকা প্রকাশ করা হবে। গতকাল বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেন। বিজয় দিবসের আগের দিন রবিবার ১০ হাজার        ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। প্রকাশিত রাজাকারের তালিকায় অনেক মুক্তিযোদ্ধার নাম থাকায় মুক্তিযোদ্ধাদের মধ্যে এ নিয়ে বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। তালিকা বাতিলের দাবিতে অনেক জায়গায় বিক্ষোভ, মানববন্ধনসহ নানা আন্দোলন কর্মসূচি পালন করা হয়।  এরই মধ্যে গতকাল ঐ তালিকা স্থগিতের সিদ্ধান্ত নেয়।

মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, তালিকাটি আমরা স্থগিত করেছি। যাচাই-বাছাই ছাড়াই এটি প্রকাশ করা হয়েছিল। দেখা যাচ্ছে অনেক মুক্তিযোদ্ধার নাম এসেছে, এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। তবে তিনি বলেন, এ তালিকা আমরা প্রণয়ন করিনি, প্রকাশ করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা যা পেয়েছি তাই হুবহু প্রকাশ করেছি।

প্রকাশিত রাজাকারের তালিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাজাকারদের নিয়ে যে তালিকা দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সেই তালিকা যাচাই না করেই প্রকাশ করেছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে রাজাকার, আলবদর, আলশামসের তালিকা দেওয়া হয়নি; দালাল আইনে অভিযুক্তদের তালিকা দেওয়া হয়েছিল। পাশাপাশি অভিযুক্তদের সর্বশেষ অবস্থান সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছিল; কিন্তু মুক্তিযু্দ্ধবিষয়ক মন্ত্রণালয় সে সব কিছুই নজরে আনেনি।