পদ্মা সেতুর ১৯তম স্প্যানটি গতকাল বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে সেতুর জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর খুঁটিতে সফলভাবে বসানো হয়েছে। এর মধ্য দিয়ে সেতুর ২৮৫০ মিটার দৃশ্যমান হলো। এর আগে বুধবার সকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার্ড-১ থেকে ৪-সি নম্বর স্প্যান নিয়ে ভাসমান জাহাজ ‘তিয়ান-ই’ রওয়ানা দেয়। বেলা ১১টার কিছু সময় আগে জাহাজটি জাজিরা প্রান্তের ২১ ও ২২ নম্বর খুঁটির কাছে পৌঁছে। এরপর দুপুর দেড়টায় স্প্যানটি বসানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়। ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসানোর পর সেতুর মোট ২৮৫০ মিটার দৃশ্যমান হলো। প্রকল্পের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, এ পর্যন্ত ৩৩টি স্প্যান মাওয়ায় পৌঁছেছে। এর আগে ১৮টি স্প্যান খুঁটির ওপর স্থাপন করা হয়।
