টঙ্গীতে অপহূত প্রবাসীর লাশ কালিয়াকৈরে উদ্ধার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ০০:৩২

কেরানীগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর যুবকের লাশ ও

কাপাসিয়ায় হাত-পা বাঁধা এক ব্যক্তির লাশ উদ্ধার

g টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

টঙ্গীতে অপহরণের তিন দিন পর সৌদি আরব প্রবাসী রবিন আহমেদ নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে কালিয়াকৈরের বেণুপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রবিন বি-বাড়িয়া জেলার নবীনগর থানার উত্তর দাররার আব্দুল হালিমের ছেলে। তিনি দত্তপাড়ার চাঁনকিরটেক এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।  জানা যায়, গত ১১ নভেম্বর তিন মাসের ছুটি নিয়ে সৌদি আরব থেকে রবিন বাংলাদেশে আসেন। বাড়িতে থাকাবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হতেন না। গত ১৫ ডিসেম্বর সকালে টঙ্গী বাজারে যাওয়ার কথা বলে তিনি বের হন। সন্ধ্যা হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন মাধ্যমে জানা যায়, অজ্ঞাতনামা কিছু লোক তাকে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী নাসরিন আক্তার প্রথমে টঙ্গী পূর্ব থানায় নিখোঁজের ব্যাপারে ডায়রি করেন। পরে অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

পূর্ব থানার এসআই শাহীন মোল্লা জানান, ডায়রির পর বিষয়টি তদন্ত করে একপর্যায়ে জানা যায় রবিনকে অপহরণ করা হয়েছে। নিহতের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়। মঙ্গলবার রাতে সন্দেহভাজন সোহেলকে কলেজগেট এলাকা থেকে এবং কাওছারকে আনারকলি রোড থেকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে, গাজীপুর জেলার কালিয়াকৈরের বেণুপুর এলাকা থেকে রবিনের লাশ উদ্ধার করা হয়।

এদিকে কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার ওসি সাকের মোহাম্মদ যুবায়ের জানান, মঙ্গলবার রাতে উপজেলার রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরীর এলাকার একটি মার্কেটের পেছন থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হয়। নিহত মো. আব্দুল্লাহ (১৯) বরগুনা জেলার সদর থানার খেজুরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে কেরানীগঞ্জের সোনাকান্দা এলাকায় ভাড়া বাসায় থেকে একটি ফোম কারখানায় কাজ করত। ওসি জানান, গত ১২ ডিসেম্বর কারখানা থেকে বাসায় এসে দুপুরের খাবার খেয়ে আবার কারখানার উদ্দেশে বের হওয়ার পর থেকে নিখোঁজ থাকে আব্দুল্লাহ।

অন্যদিকে কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা জানান, গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের জায়গীর গ্রামে হাত-পা বাঁধা গাছে ঝুলানো অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হাবিবুর রহমান। তিনি নরসিংদী জেলার পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের মৃত আমজাদ হোসেন ভুঁইয়ার ছেলে।