বিশ্ববিদ্যালয় ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে বোঝাপড়ার শূন্যতা রয়েছে। আর এ কারণে বিশ্ববিদ্যালয়গুলো নিয়োগদাতা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী যোগ্য প্রার্থী সরবরাহ করতে পারছে না।
মঙ্গলবার ‘অ্যাপ্লাইড ক্যারিয়ার প্লেসমেন্ট প্রোগ্রাম (এসিপিসি)’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ব্যাংক অব আমেরিকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা শার্লটের শিক্ষক বুশরা আহমেদ বলেছেন, বাংলাদেশে দিন দিন বেকারত্বের হার বাড়ছে। শিক্ষিত তরুণরা বলছে, চাকরি নেই। অপরদিকে নিয়োগদাতা প্রতিষ্ঠান বলছে, চাকরি আছে কিন্তু যোগ্য প্রার্থী নেই। তাহলে সমস্যা কোথায়। এই সমস্যার পাশাপাশি সমাধানের পথও খুঁজে বের করতে হবে।
তিনি এসিপিপির বিস্তারিত তুলে ধরে একটি প্রেজেন্টেশন প্রদান করেন। তিনি বলেন, এসিপিপি প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা কোনো শিল্প-প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করার সুযোগ পাবেন। এর মেয়াদ হবে ১৭ মাস। এতে শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি অর্জনের আগেই চাকরির অভিজ্ঞতা লাভ করতে পারবেন।
এ সময় এইচআরডিআইএর উপ-পরিচালক ইজাজ-উর-রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন সহকারী পরিচালক আনোয়ার হাবিব কাজল, ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের সহকারী পরিচালক মো. শামসুদ্দোহা উপস্থিত ছিলেন।
