একাত্তরে মহান মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর ভারত ও রাশিয়ার ৩১ যোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। গতকাল বুধবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সহায়তাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ২৬ জন ও রাশিয়ার পাঁচ সদস্যকে এই সংবর্ধনা দেওয়া হয়। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল (অব) রাজেন্দ্র সিং কায়দান এবং রুশ দলের নেতৃত্ব দেন ভাসিলি মিহালোভিচ। এর আগে ভারত ও রাশিয়ার প্রতিনিধিদলটি মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৪ ডিসেম্বর বাংলাদেশে আসেন। সফরকালে তারা বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন।
অনুষ্ঠানে ভারত ও রাশিয়ার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ইন্দিরা গান্ধী ও ভারতীয় জনগণ এবং ভারতীয় মিত্রবাহিনী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে সহায়তা করেছে তা বিশ্বে বিরল।
মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে সোভিয়েত ইউনিয়নের ভূমিকার কথা স্মরণ করে মন্ত্রী বলেন, যুুদ্ধের শেষদিকে যখন বাংলাদেশের বিজয় অবশ্যম্ভাবী তখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিরতির প্রস্তাব তুললে সোভিয়েত ইউনিয়ন তাতে ভেটো দেয়।
