সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূইয়াগাতী সেতু দেবে যাওয়ায় যানবাহন চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। ঐ সেতু পথে চলাচলকারী যানবাহনগুলো বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এতে উত্তরবঙ্গের বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ ও পঞ্চগড়সহ ১০ জেলায় দূরপাল্লার যানবাহনের স্বাভাবিক চলাচল চরম বিঘ্নিত হচ্ছে। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জরুরী রোগী পরিবহনেও হচ্ছে অমার্জনীয় কালক্ষেপণ।
সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ ঘোষণা হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে ঐ সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করছিল। বুধবার বিকালে যানজটের কারণে সেতুটির উপর উভয়মুখী অনেক যানবাহন আটকা পড়ে। এসময় ৭৬ মিটার দীর্ঘ জরাজীর্ণ ঐ সেতুটির আগে থেকেই ফাটল ধরা তিনটি স্থানে মারাত্মকভাবে দেবে যায়। বিকল্প চলাচল ব্যবস্থা বা কোন ‘ডাইভার্শন ওয়ে’ না থাকায় আটকে পড়া বাসের যাত্রী ও পণ্যবাহী ট্রাকের চালকেরা মহাসংকটে পড়ে যান। যথাসময়ে সেখানে প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা গ্রহণ না করার কারণে এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে পরিবহন সংশ্লিষ্ট ভুক্তভোগী ও স্থানীয় বিশিষ্টজনেরা অভিযোগ করেন।
আরও পড়ুৃন: টেকনাফে বন্দুকযুদ্ধে ‘রোহিঙ্গা ডাকাত’ নিহত
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আখতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বড় ধরণের দুর্ঘটনা ও ক্ষয়-ক্ষতি এড়াতে বুধবার সন্ধ্যা থেকে ঐ সেতু হয়ে বগুড়া রুটে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে নলকা সেতু প্রবেশমুখের পূর্বে কড্ডারমোড় ও সিরাজগঞ্জ শহরের পথ ধরে কাঠেরপুল-রায়গঞ্জ আঞ্চলিক মহাসড়ক (পুরাতন বগুড়া রোড) হয়েও বগুড়া, রংপুর ও দিনাজপুর অভিমুখী যানবাহনগুলো চলাচল করছে।
এব্যাপারে একাধিকার যোগাযোগ করেও সড়ক ও জনপথ বিভাগের সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিকের মোবাইল ফোন বন্ধ থাকার কারণে তার সাথে কথা বলা যায়নি।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে ‘ভূঁইয়াগাতী সেতু ধসে পড়তে পারে যেকোন সময়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে সড়ক ও জনপথ বিভাগের সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী পাঁচ দিনের মধ্যে বিকল্প রাস্তা তৈরির ঘোষণা দিলেও তা যথাসময়ে শুরু করা হয়নি বলে পাশে ফোরলেনের নতুন সেতু নির্মাণে কর্মরত শ্রমিক ও স্থানীয়রা জানান। এ ব্যাপারে এই রুটে চলাচলকারী ভুক্তভোগী যাত্রী ও এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
ইত্তেফাক/এএএম
