এনসিসি প্রতিনিধি দলের সম্মানে সাংস্কৃতিক সন্ধ্যা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২০:৩৯

 

বাংলাদেশ এবং সফররত ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ ন্যাশনাল ক্যাডেট কোর (এনসিসি)-এর ক্যাডেটদের অংশগ্রহণে গত বুধবার ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল মো. শামসুল হক। এ সময়ে প্রতিরক্ষা মন্ত্রাণালয় ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিএনসিসি ক্যাডেটরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সফররত প্রতিনিধি দলটি তাদের দলনেতা ভারতীয় এনসিসি’র মহাপরিচালক লে. জেনারেল রাজিভ চোপড়া, নেপালের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রাম রানা, শ্রীলঙ্কার উপ-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এইচ এল গুরুগে ও মালদ্বীপের ক্যাপ্টেন রিফান আলী ওয়াহীদের নেতৃত্বে ১২ ডিসেম্বর বাংলাদেশ সফরে এসেছে। সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ২৫ ডিসেম্বর ত্যাগ করবে।

উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এ বছরও যুব বিনিময় কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকারের আমন্ত্রণে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকায় এসেছে।