সড়ক ধসে পুকুরে

৯ বছর ধরে ২০০ পরিবার দুর্ভোগে!

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২১:২৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী

মাত্র ৩০ ফুট দৈর্ঘ্যের একটি রাস্তা ভেঙে পুকুরে চলে যাওয়ায় ৯ বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্তত ২০০ পরিবারের সদস্যদের। এ ঘটনা রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২ নম্বর ওয়ার্ডের হড়গ্রাম নতুনপাড়া-মহল্লার। সরেজমিনে দেখা গেছে, পুকুরসংলগ্ন প্রায় ৩০ ফুট রাস্তা ভেঙে গেছে। সামান্য বৃষ্টি হলেই পুকুরের পানিতে ডুবে যায় রাস্তার অংশটি। কখনো পুরো পুকুরটাই ঢেকে যায় কচুরিপানায়। স্থানীয়রা দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন। কিন্তু অর্থের অভাবে রাস্তাটি সংস্কার হচ্ছে না বলে তাদের জানিয়েছেন রাসিকের স্থানীয় কাউন্সিলর।

দেখা যায়, হড়গ্রাম নতুনপাড়া-মহল্লার আবদুস সাত্তারের বাড়ির পাশেই রাস্তাটি। পুকুরের প্রটেকশন ওয়ালের পাশ দিয়ে রাস্তাটি চলে গেছে মতিউর রহমানের বাড়ির পাশ পর্যন্ত। রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ১৩০ ফুট। প্রস্থ ৮ ফুট। রাস্তাটি ইট দিয়ে এইচবিবি করা। এ রাস্তার পূর্বের অংশে প্রায় ৩০ ফুট জায়গা ভেঙে পুকুরে নেমেছে। একটু বৃষ্টি হলেই সেখান দিয়ে ঢোকে পানি। স্থানীয় বাসিন্দা মতিউর রহমান বলেন, রাস্তাটি নিয়ে আমরা চরম দুর্ভোগের মধ্যে আছি প্রায় ৯ বছর ধরে। বাড়িতে কোনো মালামাল নেওয়ার জন্য গাড়ি, এমন কি রিকশাও যায় না।

রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় সকলকে অন্য এলাকা ঘুরে বাড়ি যেতে হয়। এ রকম চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার অন্তত ২০০টি পরিবার। এলাকার আরেক বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, দুর্ভোগের চিত্র কর্তৃপক্ষকে দেখানো হয়েছে। কিন্তু তারপরও রাস্তাটি সংস্কার হয়নি। রাস্তা নেই বলে তাদের বাড়ির ময়লা-আবর্জনাও নিয়ে যাওয়া হচ্ছে না। সংস্কারসহ রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য রাসিকের মেয়রের কাছে দাবি জানান।

রাসিকের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, রাস্তাটির ভাঙা অংশটি তিনি এরই মধ্যে দেখেছেন। কিন্তু টাকা না থাকায় রাস্তাটি সংস্কার করা যাচ্ছে না। তবে রাস্তাটি প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি একনেকে পাশ হলেই রাস্তাটি সংস্কার করা সম্ভব হবে।