ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে সড়ক-মহাসড়কগুলোতে অবৈধ যানবাহনের ছড়াছড়ি। যত দিন যাচ্ছে অবৈধ যানবাহনের সংখ্যা বাড়ছে। নসিমন, করিমন, ভটভটির পর রাস্তায় নামছে শ্যালো মেশিনের ইঞ্জিন দিয়ে স্থানীয় গ্যারেজে তৈরি ট্রাক ‘লাটা হাম্বার’। এতে বাড়ছে দুর্ঘটনা।
জানা গেছে, আজ থেকে প্রায় ২০ বছর আগে স্থানীয় গ্যারেজে তৈরি দু-একটি ট্রাক রাস্তায় নামে। কুষ্টিয়ার জগতিতে এ ট্রাক তৈরি শুরু হয়। বাজার থেকে লোহালক্কড় কিনে ট্রাকের চ্যাসিস তৈরি করা হয়। এরপর বডি তৈরি করা হয়। অগভীর নলকূপের ইঞ্জিন বসিয়ে রাস্তায় নামানো হয়। কোনো বাধা নেই। নাম দেওয়া হয় লাটা হাম্বার। ছোটো-বড়ো লাটা হাম্বার রাস্তায় চলছে। ছোটো সাইজের লাটা হাম্বারের দাম ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ টাকা। বড়ো লাটা হাম্বারের দাম ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা। কতগুলো লাটা হাম্বার ঝিনাইদহ জেলার সড়ক-মহাসড়কে চলছে তার সংখ্যা জানা নেই পুলিশ প্রশাসনের। ছয় উপজেলায় ১০০-এর মতো লাটা হাম্বার ট্রাক চলচল করছে। এ লাটা হাম্বার ট্রাকের লাগে না রেজিস্ট্রেশন নম্বর, নেই রুট পারমিট। চালকের নেই ড্রাইভিং লাইসেন্স। যেখান ভ্যান, রিকশা, ইজিবাইক এমনকি বাইসাইকেলেও রাস্তায় চলতে লাইসেন্স লাগে। লাটা হাম্বারের সব কিছু ফ্রি।
পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চলমান আছে। এসব যানবাহন আটক করে পুলিশ লাইন, মাঠ ও থানায় থানায় রাখা হয়। ভোরের দিকে এরা রাস্তায় নামে।
