নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে শিল্পকলা একাডেমি চালু করার লক্ষ্যে স্থানীয় শিল্পীদের সমন্বয়ে ‘তুমি রবে নীরবে’ রবীন্দ্র সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে রবীন্দ্রচর্চার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খানসহ বিভিন্ন শ্রেণিপেশার সংগীত-পিপাসুরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রভাষক তুহিন আব্বাসীর সঞ্চালনায় রবীন্দ্রসংগীত পরিবেশন করেন রাজশাহী বেতারের নিয়মিত শিল্পী হাসেম আলী, আবু শামীম, মইনুল হোসেন, তুষি, তানিশা ও শ্রাবণী। সংগীতানুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে শীতকালীন পিঠা খাওয়ান ইউএনও তমাল হোসেন।
