বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
ভবানীগঞ্জ বাজারে হঠাত্ এক বানরের আগমন ঘটেছে। বানরটি খাবারের সন্ধানে বাজারের বিভিন্ন দোকান আর পার্শ্ববর্তী বাড়ির ছাদে ঘুরে বেড়াচ্ছে। উত্সুক জনতার ভিড়ে ভীত হয়ে পার্শ্ববর্তী মাস্টারপাড়া-মহল্লায় প্রবেশ করে বিভিন্ন বাড়িতে গিয়ে খাবারের আশায় ওত পেতে থাকছে। ছাদে ছাদে ঘুরে বেড়াচ্ছে। ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও মাস্টারপাড়ার লোকজন জানান, গত সোমবার সকালে ভবানীগঞ্জ বাজারে প্রবেশ করে বানরটি। সকালে বাজারের লোকজন ভবানীগঞ্জ হাইস্কুল সুপার মার্কেটের ছাদে দেখতে পায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্সুক লোকজন হাইস্কুল মার্কেটে ভিড় জমায়। বাজারের ব্যবসায়ী দুলাল ও এনামুল জানান, খাবারের আশায় বারবার মাটিতে নেমে এলেও উত্সুক জনতার ভিড়ে আবার ভীত হয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। বানরটিকে কেউ সুস্থ ও জীবিত অবস্থায় ধরে দিতে পারলে রাজশাহী চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বাগমারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ।
