ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
ভাঙ্গুড়া উপজেলায় বৃহস্পতিবার সরকারিভাবে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বাকি বিল্লাহ কৃষক তায়জাল হোসেনের কাছ থেকে ৫২০ কেজি ধান কিনে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, ওসি (তদন্ত) নাজমুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ বছর এখানে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে ৩২৩ মেট্রিক টন এবং প্রতি কেজির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ টাকা। গুদাম কর্মকর্তা সারমিন আক্তার জানান, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের জন্য ৭৪৩ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। এ কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
