কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জ-জীবননগর সড়কের পাতিবিলা ইটভাটা নামক স্থানে যাত্রীবাহী বাস উলটে রাস্তার পাশে খাদে পড়ে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাসযাত্রীরা জানান, জীবননগর থেকে কালীগঞ্জে আসার পথে পাতিবিল ইটভাটা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উলটে যায়। বাসটি দ্রুতগতিতে চলছিল বলে যাত্রীদের অভিযোগ। কালীগঞ্জ থানার এস আই আবুল খায়ের জানান, কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে আহতদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক সম্পা মোদক জানান, হাসপাতালে প্রায় ২৫ জন রোগীকে আনা হয়। প্রাথমিক চিকিত্সা দিয়ে গুরুতর বেশ কয়েকজনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
