কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে সংলাপ
দাকোপ (খুলনা) সংবাদদাতা দাকোপে বৃহস্পতিবার বেসরকারি এনজিও সুশিলনের আয়োজনে ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়ন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হক নিজামীর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগের স্বাস্থ্য উপপরিচালক ডা. সৈয়দ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, খাদিজা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মণ্ডল প্রমুখ।
শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
নাটোর প্রতিনিধি নাটোরে বুধবার রাতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শহরের রেল স্টেশন প্লাটফর্ম ও বাস টার্মিনাল এলাকায় দুই শতাধিক কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলাম, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
রায়পুরা প্রেসক্লাবের সম্প্রসারিত ভবন উদ্বোধন
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা রায়পুরা প্রেসক্লাবের সম্প্রসারিত ভবন বৃহস্পতিবার উদ্বোধন করেছেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদের পরিচালনায় সভাপতি মাহবুবুল আলম লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, পৌর মেয়র মো. জামাল মোল্লা প্রমুখ।
দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ডুমুরিয়ায় বৃহস্পতিবার দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ বেগম এই শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
চাটমোহর হানাদার মুক্ত দিবস আজ
চাটমোহর (পাবনা) সংবাদদাতা আজ ২০ ডিসেম্বর, চাটমোহর মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে চাটমোহর হানাদার মুক্ত হয়।
১৬ ডিসেম্বর বাংলাদেশের মানুষ যখন বিজয়ের উল্লাসে মেতে উঠেছে। তখনো চাটমোহরে পাক বাহিনী ও তাদের এদেশীয় দোসররা অবস্থান করছিল। ২০ ডিসেম্বর চাটমোহরবাসীর জন্য গৌরবোজ্জ্বল একটি দিন। এই দিনে অদম্য সাহসী অকুতোভয় মুক্তিযোদ্ধারা সশস্ত্র যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করেন। দিবসটি উদ্যাপনে মুক্তিযোদ্ধা সংসদ ও চাটমোহর উপজেলা কমান্ড বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে ৩৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বৃহস্পতিবার বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রনী দত্ত জয়, উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, কৃষক মো. হানিফ হোসেন তালুকদার প্রমুখ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। উপজেলা পরিষদ মাঠে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ প্রমুখ।
নাটোর বিসিকে বিজয় মেলা শুরু
নাটোর প্রতিনিধি নাটোরে দত্তপাড়া এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন, নাটোরের আয়োজনে বিসিক বিজয় মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিসিক শিল্প মালিক সমিতির সহযোগিতায় দত্তপাড়া বিসিক শিল্পনগরী চত্বরে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। নাটোর বিসিকের উপব্যবস্থাপক দিলরুবা দিপ্তীর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বড়হরিশপুর ইউনিয়ন চেয়ারম্যান ওসমান গণি, বিসিক শিল্প মালিকসমিতির সভাপতি মো. নুরউন নবী সোনারসহ সকল প্রতিষ্ঠানের ব্যবসায়ী প্রতিনিধি। মেলায় নাটোরে শিল্পকারখানায় গ্যাস সরবরাহের সুবিধা দানের জোর দাবি জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। মেলায় ছোটো-বড়ো ২৫টি স্টলে বিসিকে প্রতিষ্ঠিত শিল্পকারখানায় উত্পাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।
ফুলবাড়ীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরের ফুলবাড়ীতে বৃহস্পতিবার শেষ হলো তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা হয়। বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে মেলার সমাপনী ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মণ্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু প্রমুখ।
শেষে মেলায় অংশগ্রহণকারী নয়টি কলেজ, সাতটি মাধ্যমিক বিদ্যালয় ও বিশেষ গ্রুপে দৈনিক দেশ মা পত্রিকা ও আনোয়ার এ্যাক্সেল পাওয়ার টিলারসহ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। গত মঙ্গলবার তিন দিনব্যাপী মেলা শুরু হয়।
দুর্গাপুরে ধর্মীয় সম্প্রীতি ও মিলনমেলা
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস ময়মনসিংহ অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে ধর্মীয় সম্প্রীতি ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সদর ইউনিয়ন পরিষদের হলরুমে সদর ইউনিয়নের বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, সমাজসেবক ও বিভিন্ন ক্লাব সদস্যদের উপস্থিতিতে ইউনিয়নের প্রবীণ ও প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ধর্মীয় সম্প্রীতি ও মিলনমেলা হয়। এ উপলক্ষে ইউনিয়ন ফোরাম সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ধ্রুব সরকার, কারিতাসের প্রকল্প কর্মকর্তা মি.এলটুস নকরেক, ক্লাব সভাপতি অবনী দিও, ফাতেমা খাতুন, ইউপি সদস্য মো. আলম মিয়া প্রমুখ।
