অগ্নিকাণ্ডে দায়ীদের শাস্তি নিশ্চিত করুন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২১:৪৩

কেরানীগঞ্জের প­াস্টিক কারখানার অগ্নিকাণ্ডে শ্রমিকদের প্রাণহানির রেশ না কাটতেই গাজীপুরে এক ফ্যান কারখানায় অগ্নিদগ্ধ হয়ে ১০ জন প্রাণ হারালেন। প্রত্যন্ত গ্রামে একটি দোতলা বাড়িতে চার বছর আগে গড়ে ওঠা কারখানাটির ছাদের ওপর টিন দিয়ে আরো একটি তলা তৈরি করা হয়েছিল। ঐ টিনশেডের সিঁড়িতেই আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ৭০ জনের মতো শ্রমিক কাজ করছিলেন। ওপরের টিনশেডে ১৯ জন কাজ করছিলেন। তাদের অনেকে ভিতরে গিয়ে আশ্রয় নেন, অনেকে দৌড়ে বা লাফিয়ে নিচে পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর পর তৃতীয় তলা থেকে ১০ শ্রমিকের লাশ উদ্ধার করেন। কেরানীগঞ্জ ও গাজীপুরে পরপর দুটি অগ্নিকাণ্ডে প্রায় ৩০ জন শ্রমিকের প্রাণহানি কলকারখানায় কর্মরত শ্রমিকদের জীবনের নিরাপত্তা সম্পর্কে প্রশ্ন সৃষ্টি করেছে। কেরানীগঞ্জে প্রাইম পে­ট অ্যান্ড প­াস্টিক ইন্ডাস্ট্রিজ নামের কারখানাটি ছিল অননুমোদিত। একইভাবে গাজীপুরের দোতলা একটি বাড়িতে ফ্যান তৈরির কারখানা চালু করা হয়েছিল সব নিয়মকানুন উপেক্ষা করে। আমরা আশা করব, দুটি অগ্নিকাণ্ডের দায় নির্ধারণ করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। প্রতিটি কারখানার শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা।

শুভ্র ঘোষ

নতুন বাজার, কলকলিয়াপাড়া, মাগুরা