আজ মকবুল হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২১:৪৫

আজ ২০ ডিসেম্বর অবিভক্ত আসাম-বাংলার বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ মরহুম মকবুল হোসেন চৌধুরীর ৬১তম মৃত্যুবার্ষিকী। ঐতিহ্যবাহী সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা মকবুল হোসেন চৌধুরী ১৯৩৭ সালে আসাম ব্যবস্থাপক সভার সদস্য (এমএলএ) নির্বাচিত হন। সুরমা উপত্যকা প্রতিনিধিদলের একজন সদস্য হিসেবে তিনি ১৯২০ সালে ভারতের নাগপুরে অনুষ্ঠিত সর্বভারতীয় কংগ্রেস সম্মেলনে যোগদান করেন। সরকারবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে ব্রিটিশরাজ তাকে দুই বছর কারারুদ্ধ করে রাখে। মকবুল হোসেন চৌধুরীর স্ত্রী বেগম শফিকুন্নেসা চৌধুরী, বড়ো ছেলে ফারুক চৌধুরী, তিন মেয়ে রোকেয়া সামাদ, আসিয়া চৌধুরী ও আসমা হোমায়েরা চৌধুরী এরই মধ্যে ইন্তেকাল করেছেন। তার মেঝো ছেলে অধুনালুপ্ত দৈনিক ‘পূর্বদেশ-এর সিনিয়র রিপোর্টার হোসেন তওফিক চৌধুরী আইনজীবী ও কলামিস্ট, ছোটো ছেলে বিশিষ্ট সাংবাদিক হাসান শাহরিয়ার জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিজেএ) ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ইমেরিটাস। মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ ঢাকা, সিলেট ও সুনামগঞ্জে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।