স্পোর্টস রিপোর্টার
বয়সভিত্তিক ক্রিকেটেও ছিলেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও খেলেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। আমিনুল ইসলাম বিপ্লবের পরিচয়টা বদলে গেছে চলতি বছরের এইচপি ক্যাম্প থেকে। এইচপির কোচ সিমন হেলমুটের পরামর্শে বোলিংয়ে জোর দেন বিপ্লব। লেগ স্পিন পারেন বলে খুব বেশি সময় লাগেনি পাদপ্রদীপের আলোয় আসতে।
গত সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-২০ সিরিজে বাংলাদেশ জাতীয় দলে ডাক পান বিশেষজ্ঞ লেগ স্পিনার বিপ্লব। অভিষেকটা ভালোই হয়েছিল। পরে তিনটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন এই তরুণ। প্রথমবার বিপিএলও খেলছেন লেগ স্পিনার হিসেবে।
খুলনা টাইগার্সের হয়ে বঙ্গবন্ধু বিপিএলে দুটি ম্যাচ খেলেছেন বিপ্লব। লেগ স্পিন করলেও ব্যাটিংটা ভুলে যাননি ২০ বছর বয়সি এই ক্রিকেটার। এবার কার্যকর অলরাউন্ডার হওয়ার মিশনে নেমেছেন বিপ্লব। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে নিজের দক্ষতার প্রমাণ দিতে চান তিনি। অলরাউন্ড পারফরম্যান্সের প্রতিই গুরুত্ব দিচ্ছেন তিনি। গতকাল সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণের ইচ্ছা প্রকাশ করেছেন বিপ্লব।
ব্যাটিংয়ে সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন বিপ্লব। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও নিজেকে মেলে ধরতে চান তিনি। গতকাল বলেছেন, ‘কোনো একটা না। তাহলে সন্তুষ্টি থাকবে না। যখন বোলিংয়ে যাই বোলিংয়ে ভালো করার চেষ্টা করি। ব্যাটিং ওরকম হয় নাই। সুযোগের অপেক্ষায় আছি। যদি কখনো ভালো ফিল হয় তাহলে তো ভালোই।’
দুই বিভাগেই সমানভাবে পারফর্ম করার চ্যালেঞ্জ অনেক। সেই চ্যালেঞ্জ নিতেও রাজি বিপ্লব। তিনি বলেছেন, ‘এটা চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জ নিয়ে কাজ করার মজা আছে। এর মধ্যে দিয়েই আগাতে হবে। কোনো সুযোগ নাই। যেহেতু পছন্দ করছি অলরাউন্ডার হতে হবে নিজেকে। দুইটাকে সমান ভাবেই দেখছি।’
ব্যাটিংয়ে আরও সময় দিতে চান এই তরুণ। এখন যদিও অনুশীলনে বোলিংয়েই বেশি সময় দিতে হচ্ছে তাকে। বিপ্লব বলেছেন, ‘আমি সময় দিতে চাই। ওরাও সময় দিচ্ছে আমাকে। আলহামদুলিল্লাহ। এই সুযোগ যেন ম্যাচে নিতে পারি।’
ব্যাটিং নিয়ে দলের অভিজ্ঞ ব্যাটসম্যানদের সঙ্গে কথা বলছেন বিপ্লব। উন্নতির ইচ্ছাটা তীব্র তার মাঝেও। খুলনার হয়ে এবার খেলছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক। এই অভিজ্ঞ অলরাউন্ডারের সঙ্গে কথা বলেছেন বিপ্লব।
গতকাল জানালেন, ‘আসলে সবাই জানে ও (ফ্রাইলিঙ্ক) বিগ হিটার। ও ভালো স্ম্যাশ করতে পারে। ওটাই ওর কাছে জানার চেষ্টা করছিলাম যে বড়ো ছয় মারতে হলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। তো আমাকে সেটা এডভাইস করল আরকি।’
বড়ো শট খেলার গুরুত্বপূর্ণ দিকও বলেছেন ফ্রাইলিঙ্ক। বিপ্লব বলেছেন, ‘ও (ফ্রাইলিঙ্ক) বলল যে ভালো পজিশনে লাগানোটা গুরুত্বপূর্ণ আর ব্যাট সুইং। সুইং যদি ভালো থাকে তাহলে অটোম্যাটিক হয়ে যাবে।’
বোলিংয়ে বাংলাদেশ দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরির দেওয়া পরামর্শ মেনে চলছেন বিপ্লব। বোলিংয়ের বৈচিত্র্য নিয়ে তিনি বলেছেন, ‘আলাদা বৈচিত্র্য বলতে আমি সবসময় যেটা করি সেটাই করছি। তবে ভেট্টোরি যেটা দেখিয়েছে, ওর সঙ্গে যেগুলো নিয়ে কাজ করেছি সেগুলো আপাতত ম্যাচে কাজে লাগানোর চেষ্টা করছি।’
ভেট্টোরির পরামর্শে আর্ম বল রপ্ত করেছেন বিপ্লব। বিপিএলে যার ব্যবহার করছেন এই তরুণ। তিনি বলেছেন, ‘লেগ স্পিনের সঙ্গে আর্ম বলটি আমি একটি বৈচিত্র্য হিসেবে যোগ করেছি। আমি এখন আর্ম বলটি করি আরকি। এরপর টপ স্পিন করি, এগুলোই করছি।’
