স্পোর্টস রিপোর্টার
চলছে বঙ্গবন্ধু বিপিএল। চট্টগ্রামে রান উত্সবের মধ্য দিয়ে এগুচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই টুর্নামেন্ট। টি-২০’র এই ভরা মৌসুমে বেশ জোরেসোরেই চলছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর কেন্দ্রিক আলোচনা। আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। সূচি অনুযায়ী এই সফরে স্বাগতিকদের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি টি-২০ খেলার কথা টাইগারদের।
তামিম-মুশফিকদের পাকিস্তানে পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছে বিসিবি। শেষ মুহূর্তে সরকারের চূড়ান্ত অনুমোদন পাওয়ার অপেক্ষায় আছে বিসিবি, গত কয়েকদিনে এমনটাই বলেছেন বিসিবির দায়িত্বশীলরা। যদিও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এখন অব্দি সূচি অনুযায়ী জানুয়ারির তৃতীয় সপ্তাহে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। আগামী ২১ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। সফরসূচির খসড়া হয়ে গেছে, সবকিছু চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি রয়েছে।
সূত্র জানায়, পাকিস্তানে যাওয়ার আগে দলগত অনুশীলনও হবে না বাংলাদেশের। কারণ বঙ্গবন্ধু বিপিএল শেষ হবে ১৭ জানুয়ারি। তারপর কয়েকদিনের বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। তবে পাকিস্তানে উড়াল দেওয়ার আগে ব্যক্তিগতভাবে অনেকে অনুশীলন করবেন। বিপিএলের শেষভাগে ঢাকায় ফিরতে পারেন জাতীয় দলের কোচিং স্টাফরা।
কিন্তু প্রশ্ন উঠেছে, জাতীয় দলের কোচিং স্টাফের সব সদস্য কি পাকিস্তান সফরে যাবেন? সে প্রশ্নের উত্তর জানতেও কিছুটা অপেক্ষা রয়েছে। পাকিস্তান সফরের বিষয়ে জানতে চাইলে সম্প্রতি এক কোচ বলেছেন, তাদের যাওয়া না যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
কোচদের কেউ কেউ শেষ পর্যন্ত পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ালে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ গতমাসে ভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বিসিবির এক পরিচালক বলেছিলেন, কোচরা পাকিস্তানে যেতে আগ্রহী নন। বাংলাদেশ দলের বেশিরভাগ কোচই দক্ষিণ আফ্রিকান। বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট পদত্যাগ করলেও এখনো হেড কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিজিও জুলিয়ান ক্যালেফাতো আছেন টাইগারদের সঙ্গে। এছাড়া স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন রয়েছেন।
অবশ্য টাইগারদের পাকিস্তান সফরের ওপর এখনো কিছুটা অনিশ্চয়তার মেঘ রয়েছে। কারণ পাকিস্তান চায় টেস্ট, টি-২০ দেশের মাটিতে খেলতে। অন্যদিকে বাংলাদেশ দলকে লম্বা সময় পাকিস্তানে রাখতে রাজি নয় বিসিবি। দুই ফরম্যাটে পাঁচটি ম্যাচের জন্য অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। এই মুহূর্তে তিনটি টি-২০ খেলেই ফিরতে চায় বাংলাদেশ। আর দুই টেস্ট পরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলার ইচ্ছা বিসিবির। এরই মধ্যে পিসিবিকে এমন প্রস্তাব দিয়েছে বিসিবি। পিসিবির উত্তর এখনো পায়নি বিসিবি। এ বিষয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে।
আলোচনার পর দুই বোর্ড সম্মত হলেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এখন বিসিবির প্রস্তাবে পিসিবি রাজি হয় কি না তাই দেখার বিষয়।
বাংলাদেশ এখন শুধু টি-২০ খেলতে চায় জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এই মুহূর্তে আমরা শুধু টি-২০ সিরিজ খেলতে সেখানে জাতীয় দল পাঠাতে চাই। আমরা চাই কোনো নিরপেক্ষ ভেন্যুতে দুই টেস্টের সিরিজটি অনুষ্ঠিত হোক এবং কোথায় খেলবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান। এই মুহূর্তে আমরা লম্বা সময় পাকিস্তানে থাকতে চাই না। এ ব্যাপারে আমরা এরই মধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং এখনো যোগাযোগ হচ্ছে। তবে এখনো তাদের কাছ থেকে কোনো জবাব পাইনি।’
