হাফ ডজন সুযোগ নষ্ট করে জিতল বসুন্ধরা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২১:৫০

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন কাপ ফুটবলে বসুন্ধরা কিংস কাল অন্তত হাফ ডজন গোল মিস করেছে। ভাগ্য ভালো, ম্যাচের ২২ মিনিটে পাওয়া লেবানিজ ফুটবলার মোহাম্মদ কৌদু জালাল গোল করে এগিয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত এ একটি গোলের ওপর ভর করে বসুন্ধরা কিংস ব্রাদার্সের বিপক্ষে ফেডকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল। গোল পাওয়ার আগে কিংবা পরে সব মিলিয়ে হিসাব করলে হাফ ডজন গোল মিস করেছে বসুন্ধরা। ব্রাদার্সের গোলমুখে গিয়ে বসুন্ধরার অধিনায়ক কোস্টারিকার দানিয়েল কলিন্দ্রেস, আর্জেন্টাইন ফুটবলার নিকোলাস দেলমন্টে, মতিন মিয়া, সুফিলরা সুবিধা করতে পারেনি। ফাউলের অজুহাতে দ্বিতীয় গোলটা বাতিল করেন রেফারি নাইম। এক গোল দলের জন্য জয় নিশ্চিত করে না। সেটা বুঝতেন দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। ডাগ আউটে বারবার টেনশনে লাফালাফি করছিলেন। উলটো বিপদ না হয়ে যায়। বসুন্ধরা কোচের আশঙ্কা মিলেই যাচ্ছিল। ব্রাদার্স কাউন্টার আক্রমণে গোল করেই ফেলেছিল। ভাগ্য ভালো সাবধান ছিলেন গোলকিপার আনিসুর রহমান জিকো। ঝাঁপিয়ে পড়ে থামিয়ে না দিলে বিপদ হয়েই যাচ্ছিল।

কোচ অস্কার ব্রুজন ম্যাচ জিতে পয়েন্ট পেলেও খুব একটা খুশি না। কারণ এভাবে গোল মিস করলে সামনে এএফসি খেলায় ভুগতে হবে। সেখানে আরো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করতে হবে। কোচ খুশি হোক না হোক। দারুণ খুশি ম্যাচের একমাত্র গোলদাতা লেবানিজ ফরোয়ার্ড মোহাম্মদ কৌদু জালালের বাবা ও মা। লেবানন থেকে ঢাকায় এসেছেন, অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন একমাত্র ছেলের খেলা দেখবেন। পরিচয় হতেই মাঠে তাকিয়ে বললেন ওটা আমার ছেলে।